ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

জাতীয় এসএমই মেলা শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
জাতীয় এসএমই মেলা শুরু রবিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করতে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলায় সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।

মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য তুলে ধরেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের।

শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ। জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

তিনি আরো বলেন, এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছেন।

ফলে এ খাতের উদ্যোক্তাদের বিকাশ, অর্থায়ন এবং বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২৫ লাখ উদ্যোক্তা। তাদের ৬০ শতাংশই নারী।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এতে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। ২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না।
শিল্পমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।

তিনি আরও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে।

এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

শিল্পমন্ত্রী বলেন, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম থাকবে। উদ্যোক্তারা অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণের বিষয়ে তথ্য ও পরামর্শ নিতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।

এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসবে। এসব অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান অংশ নেবেন।

Advertise with us
Advertise with us
Advertise with us