ছবি: সংগৃহীত
তিউনিসিয়ার মরুভূমিতে ৩৫ বছর ধরে পড়ে থাকার পর ইরাক তাদের দুটি বোয়িং ৭৪৭ বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এর মধ্যে একটি বিমান দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সরকার ব্যবহার করতো। দেশটির পরিবহন মন্ত্রণালয় ইরাকি এয়ারওয়েজের এই দুটি বিমান বিক্রির ঘোষণা দিয়েছে, যা বর্তমানে দক্ষিণ তিউনিসিয়ার তোজার-নেফতা আন্তর্জাতিক বিমানবন্দরে রাখা আছে।
প্রতিটি বিমানের মূল্য ৯ লাখ ডলার নির্ধারণ করা হয়েছে, সেই হিসেবে দুটি বিমানের মোট দাম ধরা হয়েছে ১৮ লাখ ডলার। গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিমানগুলো বিক্রির অনুমোদন দিয়েছিল। বিমানগুলো দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও, এগুলোর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
২০২৩ সালে ইরাকি এয়ারওয়েজ প্রতিটি বিমানের দাম ৪ লাখ ৯৪ হাজার ডলার (দুটি মিলিয়ে ৯ লাখ ৮৮ হাজার ডলার) চেয়েছিল, তবে সে সময় বিক্রি সম্পন্ন হয়নি। নতুন নির্ধারিত মূল্য আগের চেয়ে প্রায় ৮২ শতাংশ বেশি। ২০১০ সাল থেকে বাগদাদ বেশ কয়েকবার এই বিমান দুটি বিক্রির চেষ্টা করেছে।
যে বিমানগুলো আর কখনোই ফিরে আসেনি
বিক্রির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান দুটির একটি হলো বোয়িং ৭৪৭-২০০ এবং অন্যটি বোয়িং ৭৪৭-এসপি। ১৯৮২ সালে তৈরি এই বিমানগুলোতে ‘প্র্যাট অ্যান্ড হুইটনি জেটি৯ডি’ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ৭৪৭-এসপি মডেলটি বেশ বিরল; এটি মূল জাম্বো জেটের একটি সংক্ষিপ্ত সংস্করণ, যা দীর্ঘ দূরত্বের যাত্রার উপযোগী এবং খুব অল্প সংখ্যকই তৈরি করা হয়েছিল। ওয়াই-আই-এ-এল-এম বিমানটি ১৯৯১ সালের ১ জানুয়ারি তোজার-নেফতা বিমানবন্দরে অবতরণ করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিমানটির ভেতরে ভিআইপি সুবিধা ছিল, এর মধ্যে ছিল একটি ব্যক্তিগত কক্ষ, একটি কনফারেন্স রুম এবং শোয়ার ব্যবস্থাসহ একটি লাউঞ্জ।
১৯৯০ সালের আগস্ট মাসে কুয়েত আক্রমণের পর ইরাক তাদের বিমানগুলোকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার আশঙ্কায় বাগদাদ বেশ কিছু বিমান নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল। এই দুটি বিমান ছিল সেই বহরের অংশ, যা আর কখনোই ফিরে আসেনি।
আগ্রহী ক্রেতাদের নিলামে অংশ নেওয়ার আগে বিমানের মূল্যের ২০ শতাংশ অর্থ জামানত হিসেবে জমা দিতে হবে। অর্থাৎ প্রতিটি বিমানের জন্য ১ লাখ ৮০ হাজার ডলার এবং দুটি বিমানের জন্য মোট ৩ লাখ ৬০ হাজার ডলার জামানত হিসেবে দিতে হবে। আবেদনকারীদের এমন নথিপত্রও জমা দিতে হবে যা প্রমাণ করে, নিলামে অংশ নেওয়ার জন্য তারা আইনত যোগ্য।
নিলামে বিজয়ী পক্ষকে ক্রয়মূল্যের ওপর ২ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে এবং বিজ্ঞাপনের খরচ বহন করতে হবে। ইরাকি এয়ারওয়েজ বিমানগুলোকে যে অবস্থায় এবং যেখানে আছে, ঠিক সেই অবস্থাতেই বিক্রি করবে; এক্ষেত্রে কোনো প্রযুক্তিগত নিশ্চয়তা (টেকনিক্যাল ওয়ারেন্টি) দেওয়া হবে না। মালিকানা হস্তান্তর, কাস্টমস ক্লিয়ারেন্স ও পরিবহনের দায়িত্ব ক্রেতাকে নিতে হবে এবং বিমান বুঝে পাওয়ার পর থেকে বিমানবন্দর পার্কিংয়ের খরচও তাদেরই বহন করতে হবে। এই বিক্রির মাধ্যমে তিন দশকেরও বেশি সময় ধরে অকেজো অবস্থায় পড়ে থাকা বিমানগুলোর রক্ষণাবেক্ষণ খরচ এবং এগুলোর মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে।
সূত্র: গাল্ফ নিউজ।