ছবি: সংগৃহীত
যারা প্রচার মাধ্যমে আওয়ামী লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস-নৈরাজ্যের অভিযোগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত প্রতিবাদ সভায় বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি।
আব্দুস সালাম বলেন, হাসিনা দেশে আসবেন, আমরাও চাই তিনি দেশে আসুন। তিনি যেভাবে দেশ ছেড়ে গেছেন, যাওয়ার সময় ভিসা লাগেনি, আসার সময়ও লাগবে না। ভারতকে অনুরোধ করেছি, তাকে বাংলাদেশে পাঠাতে। সমস্যা একটাই- তিনি কীভাবে আসতে চান?
তিনি বলেন, মানুষ যদি শেখ হাসিনার কথা শুনত, তাহলে গতকাল মানুষ লকডাউন পালন করত। আপনাকে বলবো- দীর্ঘ ১৭ বছর ধরে অত্যাচার-নিপীড়ন করার জন্য জনগণের কাছে ক্ষমা চান।
তিনি আরও বলেন, সরকারকে বলব, পুলিশ বাহিনীকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রশাসনকেও শক্তিশালী ভূমিকা নিতে হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও কঠোর হতে হবে।