ছবি: ফাইল ছবি
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাঁটানো পোস্টার, ব্যানার ও ফেস্টুনসহ যে কোনো ধরনের প্রকাশনা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করতে হবে।
এ নির্দেশনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ সারাদেশের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর এবং অধীনস্থ সব ইউনিটের নেতাকর্মীদের জন্য প্রযোজ্য।
নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা অমান্য করার প্রমাণ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।