ছবি: সংগৃহীত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ।
রোববার (৮ নভেম্বর) এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি ।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত মহাপরিচালক এসআরবির সদস্যদের নিয়ে স্বাগত দরবারে অংশ নেন। এ সময় তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতার সঙ্গে নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য বাহিনীর সকল সদস্যকে নির্দেশনা দেন।
একই সঙ্গে বাংলাদেশের জননিরাপত্তা নিশ্চিত করা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।
১৭তম বিসিএসের মাধ্যমে ১৯৯৮ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ফারুক আহমেদ। তিনি সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) ছিলেন। এছাড়া তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাবের সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং সর্বশেষ হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধীনে লাইবেরিয়া ও সুদানও দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষাজীবনে ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।