ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসে বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল নিয়েও তৈরি হয়েছিল শঙ্কা। তবে নাগোয়ায় বুধবার সকালে রোদ ওঠায় কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। করোগি অ্যাথলেটিক পার্কে অনুশীলনও করেছে বাংলাদেশ ক্রিকেট দল। যদিও মাঠ পুরোপুরি শুকায়নি।
বৃষ্টির কারণে পুরুষ ক্রিকেটের চারটি ম্যাচ ইতোমধ্যে পরিত্যক্ত হয়েছে। ফলে বৃহস্পতিবারের সেমিফাইনাল মাঠে গড়াবে কি না, তা নিয়ে শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। তবে আবহাওয়া অনুকূলে থাকলে পাকিস্তানের বিপক্ষে ভালো ম্যাচের আশা করছেন বাংলাদেশ দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি।
জাপানে আসার পর বুধবারই প্রথম রোদের দেখা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে রাব্বি বলেন, ‘জাপানে আসার পর আজই প্রথম রোদ দেখলাম। মাঠে অনুশীলনও করেছি। আবহাওয়া এ রকম থাকলে আগামীকাল একটা ভালো খেলার আশা করছি।’
বৃষ্টির কারণে জাপানে এসে নিয়মিত মাঠের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে নিজেদের প্রস্তুত রাখতে নেট অনুশীলনের পাশাপাশি ফুটবল খেলার কথাও জানিয়েছেন রাব্বি। তার ভাষায়, ‘প্র্যাকটিস সেভাবে হয়নি, মানসিকভাবে আমরা প্রস্তুত থাকার চেষ্টা করি। নেট অনুশীলন করেছি, ফুটবল মাঠে খেলেছি।’
অসুস্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তার অনুপস্থিতি নিয়ে রাব্বি বলেন, ‘এটা আনফরচুনেট, ওকে চলে যেতে হচ্ছে। আমাদের সামনে এগোতে হবে। ব্যাটিং অর্ডার যা আছে, আমাদের এগিয়ে যেতে হবে।’
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল এখনো কোনো ম্যাচ খেলতে পারেনি। অনুশীলনের আগে উইকেট দেখে রাব্বির মনে হয়েছে, সেটি ভালো অবস্থায় রয়েছে। তাই ম্যাচের সময়ও ভালো উইকেট পাওয়ার আশা করছেন তিনি।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ পূর্ণ শক্তির দল পাঠালেও পাকিস্তান পাঠিয়েছে তুলনামূলকভাবে ভিন্ন একটি দল। তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ রাব্বি। তিনি বলেন, ‘নড়বড়ে দল বলব না। তারাও ভালো দল, আমরা নিজেদের সেরাটা খেলতে চাই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। পরিকল্পনা তো সব ম্যাচ নিয়েই থাকে। আমরা আমাদের পরিকল্পনা নিয়েই নামব।’
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের অন্তত রৌপ্য পদক নিশ্চিত হবে। সেমিফাইনাল হেরে গেলে ব্রোঞ্জ পদকের জন্য লড়তে হবে। আর বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান ফাইনালে উঠবে।
হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক জিতেছিল। সেই ম্যাচে শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে পদক এনে দিয়েছিলেন ইয়াসির আলী রাব্বি। এবারও তাই গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে তার ব্যাটের দিকে।