ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জে ভাগ্নে-বধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হাসান মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর গাছা থানার বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসান মিয়া পীরগঞ্জ উপজেলার বেড়াখাই গ্রামের মৃত আইজার রহমানের ছেলে। বুধবার দুপুরে বিষয়টি জানান এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, ভুক্তভোগী গৃহবধূর মামা শ্বশুর হাসান মিয়ার বাড়ি তার বাড়ির পাশে। তিনি প্রায়ই ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হতো।
গত ১২ আগস্ট দুপুরে গৃহবধূর বাড়ির একটি ঘরে অবস্থানকালে হাসান সেখানে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে তিনি পালিয়ে যান। পরে ভুক্তভোগী বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার পর হাসান গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে এসআরবি-১৩, রংপুর এবং সিপিএসসি, এসআরবি-১, গাজীপুরের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।