ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জামায়াত নেতা জুবায়ের ঐক্য হতে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে- ‘বাবা ভুল করেছি মাফ করে দাও’ আ.লীগের চার নেতা পেট্রাপোলে কীভাবে বৈঠক করেন, ভারতকে প্রশ্ন রিজভীর এখনের এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে না বরং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: হাসনাত রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রের ফাঁদ পেতেছে ভারত: নিপুণ রায় তরুণদের মেধা, নৈতিকতা ও নেতৃত্বে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ: চরমোনাই পীর
Advertise with us

বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার

ছবি: ফাইল ছবি

বিদেশে বসে দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, গার্মেন্টস শিল্পসহ দেশের বিভিন্ন খাতকে অস্থিতিশীল করা এবং সন্ত্রাসবাদ কায়েমের অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনার দুর্গাপুরে ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া।

দেশের বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে ডেপুটি স্পিকার বলেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা বিদেশে পালিয়ে গেছেন, তাঁদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের কেউই দেশে নেই। ৫ আগস্টের আগেই তাঁরা দেশ ছেড়েছেন। অথচ বিদেশে বসে তাঁরা সম্মিলিতভাবে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত এবং সাধারণ মানুষের সন্তানদের আবারও সংকটের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের কোনো আত্মীয়স্বজন চাকরি না করলেও এই গুরুত্বপূর্ণ শিল্পকে অস্থিতিশীল করার নানা পাঁয়তারা চলছে।

সাম্প্রতিক গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সেখানে আন্দোলনের নামে সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত গাছ কেটে ফেলার দৃশ্য দেখা গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, গাছের কী দোষ?

এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস দেখানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশে বসে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে ডেপুটি স্পিকার বলেন, তাঁদের দায়িত্ব ছিল অত্যন্ত পবিত্র। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তাঁরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদে প্রয়োজনীয় সেতু, সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঘাটতি রয়েছে। তবে সম্প্রতি কেরনখোলা ব্রিজসহ দুর্গাপুর ও কলমাকান্দায় মোট নয়টি সেতু অনুমোদন পেয়েছে। এ ছাড়া কুল্লাগড়া যাওয়ার সেতুটিও একনেকে অনুমোদিত হয়েছে এবং এর স্থান নির্বাচন সম্পন্ন হয়েছে। চলতি মেয়াদের মধ্যেই এসব সেতুর কাজ বাস্তবায়ন এবং আগামী জুন-জুলাইয়ের মধ্যে এলাকায় দৃশ্যমান উন্নয়ন আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সবশেষে দুর্গাপুরের নারীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিয়ে একটি সুন্দর দুর্গাপুর গড়ে তুলতে হবে, যাতে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মও এ জনপদকে নিয়ে গর্ব করতে পারে।

Advertise with us
Advertise with us
Advertise with us