ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও অংশ নেন।প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলায় আয়োজিত উচ্চপর্যায়ের সভায় তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন।
এদিন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টায় তার ভাষণ দেওয়ার কথা এবং এজন্য ১৫ মিনিট সময় বরাদ্দ রয়েছে।
একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।