ঢাকা
১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর ৭৮ শতাংশ নিট কারখানায় উৎপাদন ব্যাহত, সংসদ-রাজপথে সরব থাকার ঘোষণা জামায়াতের জুলাই শহিদ জুবায়েরের বোনের চিকিৎসা-পরবর্তী খোঁজ নিলেন প্রধানমন্ত্রী রাসায়নিক সার ও কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি ২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের সুনির্দিষ্ট উত্তর নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসির অধীনে নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের অপশাসনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল-স্পিকার
Advertise with us

২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
২০ কিলোমিটারের মেট্রোতে ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি-প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ছবি: সংগৃহীত

ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের মূল অনুমোদিত ব্যয় ছিল প্রায় ৪১ হাজার কোটি টাকা। প্রথম সংশোধনের পর প্রকল্পটির ব্যয় প্রায় ৮৯ হাজার কোটি টাকায় দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। মাত্র ২০ কিলোমিটার মেট্রোরেল নির্মাণে প্রকল্প ব্যয় বাড়ছে দ্বিগুণের বেশি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

প্রকল্পটির ব্যয় এতটা বাড়ার কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের কাজের পরিধি ও স্কোপ ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের পর বিস্তারিত ফিজিবিলিটি স্টাডিতে বিভিন্ন স্থানে স্টেশনের অবস্থান পরিবর্তনসহ প্রকল্পের বিভিন্ন অঙ্গের পরিধি বেড়েছে। এর ফলে নির্মাণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি বলেন, প্রকল্পের ঋণ জাপানি মুদ্রা ইয়েনে হলেও বাংলাদেশের জন্য ডলারের বিপরীতে ইয়েনের মূল্যমানের বিষয়টি বিবেচনায় নিতে হয়। এ ছাড়া মূল্যস্ফীতি, শ্রমের ব্যয় বৃদ্ধি এবং প্রকল্প ব্যয়ের সঙ্গে সংশ্লিষ্ট ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিও মোট ব্যয় বাড়িয়েছে।

তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ঋণের সুদহারে। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রকল্পটির শুরুতে জাইকার ঋণের সুদের হার ধরা হয়েছিল শূন্য দশমিক ৭ শতাংশ। দীর্ঘসূত্রতার কারণে বর্তমানে সেই সুদের হার বেড়ে ৩ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে। আগামী সময়ে প্রকল্প আরও বিলম্বিত হলে সুদের হার আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগে প্রকল্পটি শুরু করা গেলে বাংলাদেশ তুলনামূলক কম সুদের ঋণ এবং কম নির্মাণ ব্যয়ের সুবিধা পেত। কিন্তু এখন সেই সুবিধা আর নেই। বরং সময় যত গড়াবে, ঋণের সুদ ও নির্মাণ ব্যয় আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে একই ব্রিফিংয়ে নতুন একটি মেট্রো প্রকল্পের সঙ্গে এমআরটি লাইন-৫ নর্দার্নের ব্যয়ের তুলনা নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয়, নতুন অনুমোদন পাওয়া প্রায় ১৭ দশমিক ৫ কিলোমিটার দক্ষিণাঞ্চলীয় প্রকল্পের ব্যয় প্রায় ৪৫ হাজার কোটি টাকা। অন্যদিকে ২০ কিলোমিটারের এমআরটি লাইন-৫ নর্দার্নের ব্যয় প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ফলে প্রতি কিলোমিটারে ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে।

জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দুই প্রকল্পের প্রযুক্তি, নির্মাণ পদ্ধতি ও অর্থায়ন কাঠামো এক নয়। এমআরটি লাইন-৫ নর্দার্ন প্রকল্পে জাপানি প্রযুক্তি ও জাইকার অর্থায়ন রয়েছে। অন্যদিকে নতুন দক্ষিণাঞ্চলীয় প্রকল্পে কোরিয়ান প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এসব বিষয় বিবেচনা করেই প্রকল্পগুলোর ব্যয় তুলনা করতে হবে।

তিনি আরও বলেন, মেট্রোরেল প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন ওঠায় বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল। কমিটি প্রকল্পের অর্থায়ন, প্রযুক্তি, ব্যয় বৃদ্ধি ও অন্যান্য বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই প্রকল্পটি সংশোধিত আকারে একনেকে উপস্থাপন করা হয়েছে।

প্রকল্পের ব্যয় বাড়লেও ঢাকার গণপরিবহন ব্যবস্থার জন্য মেট্রোরেলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার মতে, ঢাকার বিপুল জনসংখ্যার চাপ ও যানজট বিবেচনায় গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে যাতায়াতের সময় ও দূরত্ব কমার পাশাপাশি জ্বালানি সাশ্রয় এবং মানুষের কর্মঘণ্টা বাঁচবে।

তবে বিপুল ব্যয়ের এসব প্রকল্পে কাজের মান নিশ্চিত করার ওপর জোর দেন জোনায়েদ সাকি। তিনি বলেন, কোনো ত্রুটি, গাফিলতি বা অবহেলার কারণে প্রকল্পের দুর্বলতা তৈরি হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি স্থানান্তর এবং ভবিষ্যতে বাংলাদেশে নিজস্ব সক্ষমতা তৈরির বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত বিস্তৃত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটিও বেশ দ্রুত আলোর মুখ দেখতে যাচ্ছে। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা, যার মধ্যে সরকারি তহবিল থেকে ১৫ হাজার ১৯৭ কোটি টাকা জোগান দেওয়া হবে। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি টাকা যৌথ ঋণ সহায়তা হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহায়তা তহবিল ইডিসিএফ। এই লাইনে ১৩ দশমিক ১০ কিলোমিটার থাকবে আন্ডারগ্রাউন্ড এবং বাকি অংশ হবে উড়াল পথ। গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার এবং তেজগাঁও হয়ে হাতিরঝিলের তলদেশ দিয়ে আফতাবনগর পর্যন্ত ভূগর্ভস্থ টানেল মাটির ১৬ থেকে ৩৮ মিটার গভীরে নির্মাণ করা হবে, যা নগরবাসীর যাতায়াতে যুক্ত করবে এক আধুনিক রূপকথা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us