রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানান, উইটকফ, কুশনার ও দিমিত্রিয়েভকে বহনকারী গাড়িবহর ভনুকোভো বিমানবন্দর থেকে মস্কোর কেন্দ্রের দিকে যায়। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, শনিবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
শুক্রবার ট্রাম্প জানিয়েছিলেন, ইউক্রেনে পাঁচ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন ও সুনির্দিষ্ট প্রস্তাব রয়েছে। তবে প্রস্তাবটির বিস্তারিত তিনি প্রকাশ করেননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, মস্কো সফর শেষে রবিবার উইটকফ ও কুশনার ইউক্রেনে যাবেন। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, মার্কিন দূতদের কিয়েভ সফরের আগে রাশিয়া ইউক্রেনের দুটি বিমানবন্দরে হামলা চালিয়েছে।
এদিকে, উইটকফ ও কুশনারের কিয়েভ সফরকে সামনে রেখে শনিবার মধ্যরাত থেকে তিন দিনের জন্য কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মার্কিন দূতদের ইউক্রেন সফরের বিষয়টি বিবেচনায় নিয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তির পথে বড় বাধা
যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থানের মধ্যে এখনো বড় ধরনের ব্যবধান রয়েছে। ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, ইউক্রেনকে রাশিয়ার দাবি করা চারটি অঞ্চলের পুরো ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে—দুই বছর আগে পুতিন যে অবস্থান জানিয়েছিলেন, তা এখনো ‘অপরিবর্তনীয়’।
ক্রেমলিনের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের বাকি অংশ দখলে নেওয়ার আগে পুতিন যুদ্ধের সম্মুখসীমা নিয়ে কোনো সমঝোতায় যেতে চান না। ওই সূত্রের দাবি, রুশ প্রেসিডেন্টের ধারণা, চলতি বছরের শেষ নাগাদ দোনেৎস্কের বাকি অংশও দখলে নেওয়া সম্ভব হবে।
তবে পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা এমন সম্ভাবনাকে দূরবর্তী বলে মনে করছেন। রাশিয়ার অগ্রগতি ধীরগতির হওয়ায় চলমান যুদ্ধক্ষেত্রে দ্রুত বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলে তাদের ধারণা।
গত ফেব্রুয়ারিতে সর্বশেষ শান্তি আলোচনা হওয়ার পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডের গভীরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। একই সঙ্গে সমুদ্রপথেও সংঘাত তীব্র হয়েছে।
শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়। এটি ছিল রাজধানী কিয়েভে টানা দশম দিনের ভারী হামলা। এর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। সূত্র: রয়টার্স