ছবি: সংগৃহীত
বিস্ফোরণে কেঁপে উঠল বলিভিয়ার একটি সামরিক কমপ্লেক্স। আতশবাজির মজুদ থেকে বিস্ফোরণের সূত্রপাত। ভয়াবহ এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি বাড়িঘরও।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে রাজধানী লা পাজ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ভিয়াচা পৌর এলাকায় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, সামরিক কমপ্লেক্সের এমন একটি এলাকায় বিস্ফোরণটি ঘটে, যেখানে আতশবাজি তৈরির সরঞ্জাম ও সংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণ করা হতো। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আতশবাজির মজুদ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ভিয়াচার স্বাস্থ্য পরিচালক রিটা নেব্রাস্কা স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ থেকে ১৫ জনে পৌঁছাতে পারে। আহত হয়েছেন অন্তত ৬২ জন। তাদের মধ্যে ১৪ জনকে চিকিৎসার জন্য লা পাজের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর দগ্ধ এক কন্যাশিশুও আহতদের মধ্যে রয়েছে।
এদিকে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আশপাশের কয়েক ডজন বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় বহু ভবনের জানালার কাচ ভেঙে যায়। মূলত সেই কাচের টুকরোয় আঘাত পেয়েই অনেক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার ও চিকিৎসা তৎপরতা শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তবে বিস্ফোরণের পরও পুরোপুরি কাটেনি বিপদের আশঙ্কা। রিটা নেব্রাস্কা জানিয়েছেন, ঘটনাস্থলে এখনো নতুন করে বিস্ফোরণের ঝুঁকি রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। এ কারণে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন বিস্ফোরণের প্রকৃত কারণ এবং সামরিক স্থাপনায় থাকা মজুদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্য সূত্র- ইউএ নিউজ।