ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তার দুই কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামের এক প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
গত রবিবার বিকেলে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই প্রতারক প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি খোলে। এসব আইডির মাধ্যমে সে অপপ্রচার এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করে আসছিল।
এছাড়া আরও অনেকের নামে একাধিক ভুয়া আইডি ও পেজ তৈরির তথ্যও পেয়েছে পুলিশ। এর আগে, কারকান রানার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে ভুয়া আইডিগুলোর তথ্য বিশ্লেষণ করে সাইবার পুলিশ। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ভুয়া আইডি পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলেন ওই ব্যক্তি। এসব আইডির মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্টদের সম্মানহানি করছিলেন তিনি।