ঢাকা
১৩ আগস্ট ২০২৬
Advertise with us

বিএনপি থেকে পদত্যাগ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
বিএনপি থেকে পদত্যাগ মির্জা ফখরুলের

ছবি: ফাইল ছবি

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ওই বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। এরপরই দলের শীর্ষ দুই গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মির্জা ফখরুল বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে সচিবালয় থেকে বেরিয়ে যান তিনি। বৃহস্পতিবার তার কোনো সরকারি কর্মসূচিও রাখা হয়নি।

রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন পদত্যাগ করেন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। ১৬ আগস্ট হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।

একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার অধিকার শুধু সংসদ সদস্যদের। ইসি সূত্র জানিয়েছে, একজন প্রার্থীর পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ত্রুটি থাকলে বিকল্প মনোনয়নপত্রটি বিবেচনায় নেওয়ার সুযোগ রাখতেই এই ব্যবস্থা।

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর বিজয়ের সম্ভাবনা জোরালো। ফলে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর থেকেই তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখার আলোচনা শুরু হয়েছে। তবে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে নির্বাচনের ফল ঘোষণার পর।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us