ঢাকা
১৩ আগস্ট ২০২৬
Advertise with us

ইউটিউবের মনিটাইজেশনে আসছে নতুন নিয়ম, বাড়ছে ওয়াচটাইম ও ভিউয়ের শর্ত

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
ইউটিউবের মনিটাইজেশনে আসছে নতুন নিয়ম, বাড়ছে ওয়াচটাইম ও ভিউয়ের শর্ত

ছবি: সংগৃহীত

শখের বশে কিংবা অনলাইন আয়ের মাধ্যম হিসেবে অনেকেই ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও প্রকাশ করছেন। জনপ্রিয়তার পাশাপাশি ইউটিউব থেকে আয়ের সুযোগ থাকায় প্রতিদিনই বাড়ছে নতুন নির্মাতার সংখ্যা। এবার নতুন চ্যানেলগুলোর জন্য মনিটাইজেশনের শর্ত আরও কঠোর করার পরিকল্পনা করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি।

নতুন নিয়ম কার্যকর হলে ইউটিউব থেকে আয় শুরু করতে নির্মাতাদের বর্তমানের তুলনায় বেশি ওয়াচটাইম ও ভিউ অর্জন করতে হবে।

পরিবর্তিত নিয়ম অনুযায়ী, দীর্ঘ ভিডিও থেকে আয় করতে একটি চ্যানেলে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা মানসম্মত ওয়াচটাইম থাকতে হবে। বর্তমানে এ ক্ষেত্রে প্রয়োজন হয় ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি ৪ হাজার ঘণ্টা ওয়াচটাইম। অর্থাৎ নতুন নিয়মে ওয়াচটাইমের শর্ত দ্বিগুণ করা হচ্ছে।

শর্টস ভিডিওর ক্ষেত্রেও বাড়ানো হচ্ছে শর্ত। শর্টস থেকে আয় করতে হলে বর্তমানে ৯০ দিনে ১ কোটি ভিউ প্রয়োজন হলেও নতুন নিয়মে তা বাড়িয়ে ২ কোটি মানসম্মত ভিউ করা হবে।

কোনো চ্যানেলের শর্টসের ভিউ নির্ধারিত সীমার নিচে নেমে গেলে চ্যানেলটি ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) আওতায় থাকলেও সাময়িকভাবে শর্টস থেকে আয় বন্ধ হয়ে যাবে। তবে দীর্ঘ ভিডিও থেকে আয় চালু থাকবে। পরবর্তী সময়ে ৯০ দিনে আবার ২ কোটি ভিউ পূরণ করতে পারলে শর্টস থেকে আয় চালুর সুযোগ মিলবে। সাবস্ক্রাইবারের বর্তমান শর্ত অপরিবর্তিত থাকবে।

ইউটিউবের ব্যবহার ও দর্শকসংখ্যাও দ্রুত বাড়ছে। প্ল্যাটফর্মটির তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতিদিন ২০ হাজার কোটির বেশি শর্টস ভিডিও দেখা হয়। এ ছাড়া টেলিভিশনে ইউটিউব দেখার পরিমাণও প্রতিদিন ১০০ কোটি ঘণ্টা ছাড়িয়েছে।

ব্যবহারকারীর এই ব্যাপক বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই আয়ের নীতিমালায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন শর্ত কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে না। তাঁরা আগের শর্ত অনুযায়ী আয় চালিয়ে যেতে পারবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us