ঢাকা
২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এ ধরনের ঘোষণা আসবে-যাবে: এসআরবি নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেফতার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটি ন্যায়সংগত: রিজভী বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেফতার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত চাওয়া হয়েছে: আইনমন্ত্রী নভেম্বরে ১২১টি ককটেল বিস্ফোরণ, ৯৯টি পরিবহনে আগুন : ডা. জাহেদ উর রহমান তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ফোরস্টার গ্রুপের দেশীয় অস্ত্র ও মাদকসহ ৬ সদস্য গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৭
Advertise with us

নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
নকল ঠেকাতে দেশজুড়ে মোবাইলে অ্যালার্ট, দক্ষিণ কোরিয়ায় নতুন নজির

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় নকল ঠেকাতে নজিরবিহীন নজরদারি ব্যবস্থা চালুর পর দক্ষিণ কোরিয়ায় ১১১ পরীক্ষার্থীকে অননুমোদিত স্মার্ট ডিভাইসসহ শনাক্ত করা হয়েছে। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত দেশটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসব পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস ব্যবহার করতে হাতেনাতে ধরা হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানায়। এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আয়োজিত ‘সুনেউং’ পরীক্ষায় অংশ নেয় প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী। আট ঘণ্টার এই পরীক্ষা দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে পরীক্ষায় নকল ঠেকাতে কর্তৃপক্ষ এবার কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষার দিন দেশজুড়ে মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা চালু করা হয়। পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ স্মার্ট ডিভাইস নিয়ে প্রবেশ করলে ফোনে বিশেষ সতর্কবার্তা পৌঁছানোর কথা ছিল। এ পদ্ধতিতে ফোন নীরব অবস্থায় থাকলেও সতর্কবার্তার শব্দ শোনা যেত। তবে ফোন বন্ধ কিংবা উড়োজাহাজ মোডে থাকলে সতর্কবার্তা পৌঁছাত না।

পরীক্ষার দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে তিন দফায় এসব সতর্কবার্তা পাঠানো হয়। দক্ষিণ কোরিয়ার জাতীয় দুর্যোগ সতর্কবার্তা ব্যবস্থাকে কাজে লাগিয়ে পরীক্ষায় নকল শনাক্ত করার ঘটনা এটিই প্রথম। এ ব্যবস্থার মাধ্যমে ৫৪ জন পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়। প্রথম ও দ্বিতীয় সতর্কবার্তায় ধরা না পড়লেও তৃতীয়বার সতর্কবার্তা পাঠানোর পর আরও ১২ জনের অনিয়ম ধরা পড়ে।

পোশাকের বোতামেও নজরদারি

শুধু মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানোই নয়, পরীক্ষার্থীদের পোশাক ও চশমাও পরীক্ষা করা হয়। ক্ষুদ্র ক্যামেরা লুকিয়ে রাখার আশঙ্কায় শার্ট ও জ্যাকেটের বোতামগুলো স্টিকার দিয়ে ঢেকে দিতে বলা হয়। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় চশমা পরীক্ষা করা হয়। সন্দেহ হলে পরীক্ষার্থীদের ধাতব শনাক্তকারী যন্ত্র দিয়েও তল্লাশি করা হয়। এরপরও কয়েকজন পরীক্ষার্থী কৌশলে স্মার্টফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। কেউ অন্তর্বাসে, কেউ জুতার ভেতরে ফোন লুকিয়ে রাখেন। কেউ আবার শৌচাগারে গিয়ে ফোন ফেলে দিয়ে তল্লাশি এড়ানোর চেষ্টা করেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এসবিএসের প্রতিবেদনে এমন কয়েকটি ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।

পরীক্ষার সময় নিষিদ্ধ ডিভাইস ব্যবহার কিংবা সঙ্গে রাখার বিষয়টি কর্তৃপক্ষের কাছে গুরুতর অনিয়ম হিসেবে বিবেচিত হয়। তবে ১১১ জনের সবাই পরীক্ষার হলে বসে সক্রিয়ভাবে ডিভাইস ব্যবহার করেছেন- এমন নয়। তাঁদের মধ্যে পাঁচজনকে সরাসরি ডিভাইস ব্যবহার করতে দেখা গেছে। বাকিদের অননুমোদিত ডিভাইস বহনের অভিযোগে শনাক্ত করা হয়েছে।

এআই দিয়ে নকলের ঘটনা থেকেই কঠোর ব্যবস্থা

পরীক্ষায় নজরদারি বাড়ানোর পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি আলোচিত নকলের ঘটনা। গত মাসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এআই-সুবিধাযুক্ত চশমা ব্যবহার করে নকল করার অভিযোগে দুজন পরীক্ষার্থী ধরা পড়েন। চলতি বছর মধ্য ও উচ্চবিদ্যালয়ের আরও চার শিক্ষার্থী এ ধরনের চশমা ব্যবহার করে নকলের চেষ্টা করেছে বলে জানিয়েছিল দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয় জাতীয় পর্যায়ের কর হিসাববিদের পরীক্ষা। ওই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ৩৪ বছর বয়সী হান ওন-সক স্বীকার করেন, তিনি ক্ষুদ্র ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তুলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থায় পাঠিয়েছিলেন। পরে স্মার্টফোনে পাওয়া উত্তর দেখে পরীক্ষায় লিখেছিলেন। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটি ভুল উত্তর দিয়েছিলেন তিনি। অস্বাভাবিক ভালো ফলের কারণে তাঁকে নিয়ে সন্দেহ তৈরি হলে তিনি নিজেই অনিয়মের কথা স্বীকার করেন। তাঁর এই স্বীকারোক্তির পরই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল ঠেকাতে সরকার জরুরি পদক্ষেপ নেয়।

পরীক্ষাব্যবস্থার সংস্কার চান প্রধানমন্ত্রী

পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি জে মিয়ং। শুক্রবার তিনি পরীক্ষাব্যবস্থার সার্বিক সংস্কারের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশটিতে সরকারি পরীক্ষার ফল মানুষের সুযোগ ও সম্পদের বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের পরীক্ষায় এআই ব্যবহার করে নকল করা হলে সমাজের ন্যায়সংগত প্রতিযোগিতা ও পারস্পরিক আস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা ও সামাজিক জীবনে ‘সুনেউং’ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত আট ঘণ্টার এই পরীক্ষায় কোরীয় ভাষা, গণিত, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের মতো বিষয়ে প্রায় ২০০টি প্রশ্নের উত্তর দিতে হয়। ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অনেকাংশে এ পরীক্ষার ফলের ওপর নির্ভর করে। পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে ওই দিন দেশজুড়ে নির্মাণকাজ বন্ধ রাখা হয়, উড়োজাহাজের ওঠানামা নিয়ন্ত্রণ করা হয় এবং সামরিক প্রশিক্ষণও স্থগিত রাখা হয়। দেরিতে পৌঁছানো পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশি ব্যবস্থাও থাকে।

এদিকে পরীক্ষায় নকলের ঘটনা সামনে আসার পর দক্ষিণ কোরিয়া শুধু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাই নয়, স্কুল ও অন্যান্য সরকারি পরীক্ষার নিরাপত্তাব্যবস্থা নিয়েও নতুন করে ভাবছে। ২৪ নভেম্বর দেশটির ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী নিয়মিত স্কুল পরীক্ষায় স্মার্ট ডিভাইস বহন বা ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর শাস্তির প্রস্তাব দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, কোনো শিক্ষার্থী পরীক্ষার দিন স্মার্ট ডিভাইসসহ ধরা পড়লে সেদিনের সব বিষয়ের পরীক্ষায় শূন্য পাওয়ার বিধান করা হতে পারে।

প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে পরীক্ষায় নকলের পদ্ধতিও বদলে যাচ্ছে। ক্ষুদ্র ক্যামেরা, স্মার্ট চশমা ও এআইয়ের সমন্বয়ে তৈরি নতুন কৌশল শনাক্ত করতে প্রচলিত তল্লাশিব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে দক্ষিণ কোরিয়ায়।

তথ্য সূত্র- বিবিসি।

Advertise with us
Advertise with us
Advertise with us