ছবি: ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে। বাবা ভুল করেছি মাফ করে দাও। আমি গণরায় বাস্তবায়ন করব।’
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে, আমরা আপনার যত অপরাধ আছে এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে এগিয়ে যাব।’
সরকারি আদেশ দেখুন
সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে এনসিপির বিক্ষোভ সমাবেশে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাটওয়ারী বলেন, ‘গত আট মাসে বাংলাদেশে যারা ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হয়েছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে—ওই ভাইদের রক্তের প্রতিশোধ বাংলাদেশে আমরা নেব ইনশাআল্লাহ।
সোমবার বিকালে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড় থেকে এনসিপির এ বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করে দলটি। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সালেহ উদ্দিন সিফাত উপস্থিত ছিলেন।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘অনেকেই বলেছে, তারেক রহমান গর্তে পড়েছেন, তাকে পড়তে দাও। তবে আমাদের দুটি বিষয় রক্ষা করতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে, একই সঙ্গে সীমান্তে মোদির আধিপত্যবাদী অবস্থানেরও অবসান ঘটাতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশে ঐক্য প্রতিষ্ঠা করতে হলে জুলাই গণহত্যা ও ওসমান হাদির হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এসব বিষয় বাদ দিয়ে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনায় যাওয়ার অর্থ এই নয় যে তার যত অপরাধ আছে, সেসব অপরাধের হিসাব আমরা ভুলে যাব। গত আট মাসে বাংলাদেশে যারা নির্যাতনের শিকার হয়েছেন, যারা মারা গেছেন, যাদের ওপর হামলা হয়েছে, তাদের রক্তের প্রতিশোধ আমরা নেব। আমরা আশ্বস্ত করতে চাই, আলোচনা চলবে। তবে আলোচনার যে ভিত্তিতে আমরা এগিয়েছি, সেই ভিত্তিগুলো বাস্তবায়ন করতে হবে।’
তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় তারেক রহমান, শুনে রাখুন, আকাশকুসুম কল্পনা করে লাভ নেই। রক্তের তরুণেরা বাংলাদেশের রাজপথে এখনো জীবিত আছেন। জুলাইয়ের গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করুন। গণহত্যার বিচার করুন।’
ওসমান হাদির হত্যার বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নাসীরুদ্দীন বলেন, ওসমান হাদির রক্ত ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাঁরা যত দিন বেঁচে থাকবেন, তত দিন এই সংগ্রাম চলবে।
বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না উল্লেখ করে তিনি ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। নাসীরুদ্দীন বলেন, ‘আপনি একদিকে ভারতবিরোধিতার কথা বলবেন, অন্যদিকে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না—এ ধরনের দ্বিমুখী নীতি আমরা দেখতে চাই না। বাংলাদেশে কোনো কুসুম কুসুম নীতি চলবে না।’
বিচারপ্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে আমরা নয়-ছয় দেখতে পাচ্ছি। যারা আমাদের হত্যা করেছে, তাদের পুনর্বাসন করা হয়েছে, টাকা খেয়ে সমাজে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা সেই ইতিহাস ভুলে যাইনি। আমাদের ভাইদের রক্তের ইতিহাস কোনো সংলাপের কারণে বাংলাদেশ থেকে মুছে যেতে দেব না।’
চট্টগ্রামের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, ‘এই চট্টগ্রাম থেকেই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই চট্টগ্রামে দাঁড়িয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দিচ্ছি।’
বাংলাদেশ কোনো দেশের আধিপত্য মেনে নেবে না উল্লেখ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশের আগে নিউ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কোতোয়ালি মোড় প্রদক্ষিণ করে লালদীঘির মোড় হয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
এনসিপির চার দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।