ছবি: সংগৃহীত
তরুণদের দৃশ্যমান সম্পদে রূপান্তরে শিক্ষায় বিনিয়োগ অপরিহার্য বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষা খাতে চলতি বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ বরাদ্দ বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতৃত্বের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ দ্রুত বর্ধনশীল ও ঘনবসতিপূর্ণ একটি দেশ। দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। এই বিপুল জনগোষ্ঠীর উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের প্রধান শক্তি। তাই দেশের সার্বিক উন্নয়নে শিক্ষা খাতে বিনিয়োগ অপরিহার্য।
তিনি বলেন, বর্তমানে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী একটি অদৃশ্য সম্পদ হিসেবে রয়েছে। উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্বের দায়িত্ব হলো এমন যোগ্য শিক্ষার্থী তৈরি করা, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। শিক্ষাব্যবস্থাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া নতুন ধারণাগুলো কীভাবে জাতীয় উন্নয়নে কাজে লাগানো যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআইনির্ভর। ইউনেস্কোর কমিশন সভায় এআইভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের শ্রেণিকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ও তথ্যপ্রযুক্তিনির্ভর করার পাশাপাশি এআই খাতে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বছরব্যাপী রজতজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে আইএইউপির এই সেমি-অ্যানুয়াল মিটিং। এর মধ্য দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃত্বের যোগাযোগ ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের (ইউনিটার) ডিভিশন ফর পিপল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের পরিচালক এবং সিফাল গ্লোবাল নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক আলেকজান্ডার এ মেজিয়া।
এ সময় উপস্থিত ছিলেন আইএইউপির প্রেসিডেন্ট ড. শন চেন, ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের (ইউরাস) প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তাফা আইদিন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান এবং আইএইউপির ট্রেজারার-ইলেক্ট (২০২৭-২০৩০) ড. মো. সবুর খান।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস চ্যান্সেলর, রেক্টর, শিক্ষাবিদ, উচ্চশিক্ষা খাতের নীতিনির্ধারক ও শীর্ষ নেতৃত্বস্থানীয় ব্যক্তিসহ দুই শতাধিক অতিথি অংশ নেন।