ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, তাদের জন্যই রাষ্ট্রীয় সনদ : ডা. জাহেদ উর রহমান

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, তাদের জন্যই রাষ্ট্রীয় সনদ : ডা. জাহেদ উর রহমান

ছবি: সংগৃহীত

শিক্ষার মান ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যারা শিক্ষার মান ধরে রাখতে পারবেন, রাষ্ট্রীয় বা সরকারি সনদ মূলত তাদের জন্যই থাকা উচিত। শিক্ষার মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, শিক্ষার মান ধরে রাখার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। কিছুদিন আগে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষাতেও বিষয়টি স্পষ্ট হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করা হয়েছে।

তিনি জানান, এ কর্মসূচিতে মোট ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে ৩৩ হাজার কোটি টাকা বাংলাদেশ সরকার বহন করবে। বাকি ৭ হাজার ৮৮৭ কোটি টাকা বৈদেশিক অর্থায়ন থেকে আসবে।

সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

খাদ্য সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ২০২৬ অর্থবছরে সরকারের খাদ্যশস্য সংগ্রহ কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচিতে সেদ্ধ চাল ৫ লাখ মেট্রিক টন এবং আতপ চাল ২ লাখ মেট্রিক টন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। সেদ্ধ চালের সংগ্রহমূল্য প্রতি কেজি ৪৯ টাকা এবং আতপ চালের ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে। বাংলাদেশের ইতিহাসে এবার আগের যে কোনো সময়ের তুলনায় বেশি খাদ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি বলেন, সরকার মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তা কর্মসূচির আওতা বাড়িয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ গ্রামীণ দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। পাশাপাশি পুষ্টিগুণসমৃদ্ধ ফর্টিফায়েড চাল বিতরণ কর্মসূচি দেশের ৩০০টি উপজেলায় চালু রয়েছে।

পোশাকশিল্পের শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, গার্মেন্টস খাতে কিছু অস্থিরতা ও আন্দোলন ছিল। শ্রমিকদের আন্দোলন যৌক্তিক হলেও এর মধ্যে নানা ধরনের সুযোগসন্ধানীও ছিল। গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং বোর্ডের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী নিজে জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

দেশের অর্থনীতিতে নিম্ন আয়ের মানুষের অবদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতি দরিদ্র শ্রেণির মানুষের অবদান দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। রিকশাচালক, কৃষক, নিরাপত্তাকর্মী এবং প্রবাসী কর্মীরা প্রত্যেকেই দেশের অর্থনীতিতে কমবেশি অবদান রাখছেন।

প্রবাসী কর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর অঙ্গীকার বাস্তবায়নে নতুন অগ্রগতি হয়েছে। এরই মধ্যে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। কর্মীদের কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে।

রাজধানীর যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মানুষের যাতায়াতের সময় কমানো এবং আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মেট্রোরেল লাইন-১ প্রকল্পে আরও চারটি গুরুত্বপূর্ণ চুক্তি প্যাকেজ স্বাক্ষরিত হয়েছে। রাজধানীতে মানুষের চলাচল সহজ করতে সরকার কাজ করছে।

নৌপরিবহন খাতের উন্নয়নে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস কার্যক্রম সম্প্রসারণে মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রী বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বন্দরের সক্ষমতা বাড়ানো জরুরি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে মাছের পোনা অবমুক্ত করার কার্যক্রমও চলমান রয়েছে।

ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে পেশা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, গত ৫ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যাশা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে মানুষ যেন ক্যারিয়ার হিসেবে নিতে পারে। মানুষ শখের বশে গান গায়, ছবি আঁকে কিংবা খেলাধুলা করে। সরকার চায়, এসব সৃজনশীল কর্মকাণ্ডকে পেশা ও আয়ের উৎস হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হোক। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে প্রতিভা তুলে আনা সম্ভব হয়েছে। এসব প্রতিভাকে প্রশিক্ষণ দিয়ে আঞ্চলিক মানের ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সৃজনশীল কর্মকাণ্ডের অর্থনৈতিক মূল্যায়ন এবং সেগুলো থেকে আয় করার সুযোগ তৈরিতে সরকার উৎসাহ দিচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য মন্ত্রণালয়ও এ ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।

পরিবেশ সংরক্ষণে সরকারের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সপ্তাহে ৯২টি মামলা করা হয়েছে। এসব অভিযানে ৪৯ লাখ ২১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ১০টি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে। পরিবেশ রক্ষায় সরকার তার অঙ্গীকার অনুযায়ী কাজ করছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিয়মিত দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, অপরাধী গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য উদ্ধারের মতো কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us