ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, সরকারের ওপর জনগণের আস্থা নেই। সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করেনি। বরং সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন। সাংগঠনিক অগ্রগতি ও স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করে এনসিপি।
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার আবারও গ্যাসের দাম বাড়িয়েছে। এতে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে। গ্যাসের দাম আরও বাড়লে তা বাজারে ৩ হাজার ৩৫০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে। অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন কেন বিএনপি তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধী দলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি আলাদাভাবে অংশ নেবে। ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে থাকবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন চলবে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার প্রমুখ।