ছবি: সংগৃহীত
নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
বৃহস্পতিবার সকালে নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটে হার্মান বের্তেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো ডি পল। তার গোলের পেছনে ছিল মেসির দারুণ এক সহায়তা।
গোল না পেলেও চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিগে এখন পর্যন্ত ২৩ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। টানা তৃতীয়বার এমএলএসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়েও এগিয়ে আছেন মেসি। গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও তার অবস্থান শক্ত।
অন্যদিকে, মায়ামির জয়ে বড় অবদান গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের। ম্যাচের শেষ দিকে পেনাল্টিসহ চারটি গুরুত্বপূর্ণ সেভ করেন তিনি। প্রতিপক্ষ ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি।
গত মৌসুমে এমএলএস কাপ জিতেছিল মায়ামি। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে দলটি। আগামী ১৮ নভেম্বর শুরু হবে প্লে-অফের লড়াই।