ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়ায় ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তৈয়ব আলী মোল্যা (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল বাইতুল ফালাহ দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গাঁজাসহ তাকে আটক করে। আটক তৈয়ব আলী মোল্যা উপজেলার কোটাখোল ইউনিয়নের মঙ্গলপুর উত্তরপাড়া গ্রামের মৃত বালা মোল্যার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক গোলক মজুমদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৈয়ব আলী মোল্যা নিজেকে পেশায় ট্রলারচালক বলে জানায়। ট্রলার চালানোর পাশাপাশি সে মাদক পাচারের কাজে নিয়োজিত ছিল। এ ব্যাপারে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তৈয়ব আলী মোল্যাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য সাত লাখ টাকা বলে তিনি জানান।