ছবি: সংগৃহীত
দেশের চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেছেন, দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনের দিকে নেওয়ার চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অডিটরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আমানউল্লাহ বলেন, জনগণের আস্থা ছিল বিএনপির প্রতি। সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত ১৭ বছরে যেসব উন্নয়নকাজ হয়নি, সেসব কাজ নতুন করে শুরু হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমানে স্কুল, কলেজ, মসজিদ- মাদরাসা, মন্দির, সড়ক, সেতু ও কালভার্টসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ শুরু হয়েছে। পাশাপাশি মানবসেবায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম দেখে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধরে রাখতে হবে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। পাড়া-মহল্লা, গ্রাম, হাটবাজার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।