ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আর ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গুলশানে মিছিলে অংশগ্রহণকারী এই ৪০ জনকে শনিবার রাতে গ্রেফতার করেছে ডিএমপি। সব মিলিয়ে গুলশানে মিছিল অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৭৪ জনকে। আজ রবিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
নতুন করে ৪০ জন গ্রেফতারের খবরটি নিশ্চিত করার আগে শনিবার আকতার হোসেন জানিয়েছিলেন, মিছিলে সরাসরি অংশগ্রহণকারী ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শুক্রবার মিছিল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছিল।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসিসংলগ্ন গলিতে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়েছে।