ছবি: সংগৃহীত
পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম।
রবিবার নগর ভবনে ডিএসসিসির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, আজকে দল ক্ষমতায় এসেছে, এখন দায়িত্ব আরও বেড়ে গেছে। আগে বিরোধীদলে থাকতে যতটুকু দায়িত্ব ছিল, এখন তার চেয়ে বেশি দায়িত্ব। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে আমাদের সহযোগিতা করতে হবে।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে উল্লেখ করে তিনি বলেন, দলের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। এখন সরকার পরিচালনার দায়িত্ব শুধু প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলে হবে না। দলের প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।
আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন থেকে নগরবাসী যাতে যথাযথ নাগরিক সেবা পান, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা ভেদাভেদ রাখা যাবে না। দলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন, বিদ্যুৎ, রাস্তাঘাট, ট্যাক্স ও রাজস্ব—প্রতিটি খাতেই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অফিস চলাকালীন বা দায়িত্ব পালনের সময়ে কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। বরং দলের নেতাকর্মীদের অন্যদের চেয়ে আরও বেশি আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে আবদুস সালাম বলেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের হৃদয়ে আছেন। আমরা তাকে সব সময় স্মরণ করি।
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমানসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা।