ঢাকা
০৭ আগস্ট ২০২৬
Advertise with us

শীর্ষে শাহরুখ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
শীর্ষে শাহরুখ

ছবি: সংগৃহীত

গেল বছরে প্রেক্ষাগৃহে কোনো নতুন চলচ্চিত্র মুক্তি না পাওয়া সত্ত্বেও ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রেটি ব্র্যান্ড হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান ‌‘ক্রোল’-এর ২০২৫ সালের সেলিব্রেটি ব্র্যান্ড ভ্যালুয়েশন প্রতিবেদন অনুযায়ী, ১৭৭.৯ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১,৬৯৪ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছেন তিনি। তার পরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছেন রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ১৬২.৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,৫৫০ কোটি রুপি। অন্যদিকে, নারী অভিনয়শিল্পীদের মধ্যে শীর্ষস্থান দখল করেছেন আলিয়া ভাট।

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ ২৫ জন ভারতীয় তারকার সমন্বিত ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে রেকর্ড ২ বিলিয়ন মার্কিন ডলারে।

ডিজিটাল মিডিয়ার বিপ্লব এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক প্রভাবের কারণে তারকাদের এই ব্রান্ড ভ্যালু জ্যামিতিক হারে বাড়ছে। ক্রোল-এর আনুষ্ঠানিক তথ্যমতে, আগে যেখানে ডিজিটাল এনডোর্সমেন্ট বা অনলাইন বিজ্ঞাপনের অবদান সেলিব্রেটিদের পোর্টফোলিওতে ৪০ থেকে ৬০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, ২০২৫ সালে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে বহু শীর্ষ তারকার ক্ষেত্রে মোট ব্র্যান্ড যুক্ততার প্রায় ৬০ থেকে ৭৫ শতাংশে পৌঁছেছে। মূলত ডিজিটাল মাধ্যমে শক্তিশালী উপস্থিতি এবং বিশ্বজুড়ে বিভিন্ন এফএমসিজি ব্র্যান্ডের বিজ্ঞাপনে নিরবচ্ছিন্ন অংশগ্রহণের কারণেই শাহরুখ খান নিজের শীর্ষস্থান অবিচল রাখতে পেরেছেন। এ ছাড়া তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যবসায়িক সাফল্য তার এই আর্থিক প্রভাব বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা রণবীর সিংয়ের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার বহুল আলোচিত স্পাই থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’-এর ঐতিহাসিক বক্স অফিস সাফল্য। ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি বিশ্বব্যাপী ১,৩৫০ কোটি রুপিরও বেশি ব্যবসা করেছে, যার মধ্যে কেবল ভারতেই আয় হয়েছে ৮৯০ কোটি রুপির বেশি। অন্যদিকে, তারকা ক্রিকেটারদের রাজত্বও ছিল চোখে পড়ার মতো। তালিকার ৩, ৪ ও ৫ নম্বর স্থান দখল করে রেখেছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৮.৪ মিলিয়ন ডলার), শচীন টেন্ডুলকার (১২৫.৯ মিলিয়ন ডলার) এবং মহেন্দ্র সিং ধোনি (১১৫.৩ মিলিয়ন ডলার)।

বলিউডের নারী তারকাদের মধ্যে সমসাময়িক সবাইকে পেছনে ফেলে ৬ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন আলিয়া ভাট। ২০২৫ সালে কোনো সিনেমা মুক্তি না পাওয়া সত্ত্বেও ৮৯.৪ মিলিয়ন ডলার (প্রায় ৮৯৪ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে তিনি নারী অভিনেত্রীদের মধ্যে শীর্ষে রয়েছেন। তাকে খুব কাছ থেকে অনুসরণ করছেন আরেক শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোন। কোনো নতুন চলচ্চিত্র মুক্তি না থাকলেও বিজ্ঞাপনী চুক্তি, ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক সংস্থা ‘লাইভ লাফ লাভ ফাউন্ডেশন’-এর সক্রিয়তার সৌজন্যে ৮৯.২ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৭.৬০ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে দীপিকা রয়েছেন ৭ম স্থানে।

বিগ বাজেট স্পাই থ্রিলার ‘ওয়ার ২’ বক্স অফিসে প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে ব্যর্থ হলেও হৃতিক রোশনের ৮৮.৯০ মিলিয়ন ডলারের (৮৪৫.৮৩ কোটি রুপি) সাম্রাজ্যে তা বড় কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি, ফলে তিনি রয়েছেন ৮ম স্থানে। অন্যদিকে ৮৩ বছর বয়সেও তালিকার সবচেয়ে প্রবীণ সেলিব্রেটি হিসেবে ৯ম স্থানে নিজের অবস্থান ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম আসর পরিচালনা ও নিয়মিত ব্র্যান্ড এনডোর্সমেন্টের বদৌলতে তার বর্তমান মূল্য ৮০.৮০ মিলিয়ন ডলার (৭৬৮.২১ কোটি রুপি)। যৌথভাবে ১০ম স্থানে অবস্থান করছেন অক্ষয় কুমার ও রণবীর কাপুর, যাদের উভয়েরই ব্র্যান্ড মূল্য ৮০ মিলিয়ন ডলার (৭৬০.৬২ কোটি রুপি)। গত বছর ‘স্কাই ফোর্স’, ‘কেসরি চ্যাপ্টার ২’, ‘হাউসফুল ৫’ এবং ‘জলি এলএলবি ৩’-এর মতো বেশ কয়েকটি সফল চলচ্চিত্র উপহার দিয়ে এ তালিকায় নিজের অবস্থান পোক্ত করেন অক্ষয়।

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা বহুমাত্রিক সাফল্যের মধ্য দিয়ে উঠে এসেছেন ১২ নম্বর স্থানে। গত বছর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ‘ছাভা’, ‘সিকান্দার’, ‘কুবেড়া’, ‘থাম্মা’ এবং ‘দ্য গার্লফ্রেন্ড’-এর মতো পাঁচটি ভিন্ন স্বাদের চলচ্চিত্রে অভিনয় করে তিনি ৭৫.২ মিলিয়ন ডলারের (৭১৪.৮৮ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য অর্জন করেন। তাকে অনুসরণ করে ১৩তম স্থানে রয়েছেন তার ‘সিকান্দার’ সহশিল্পী সালমান খান (৭৩.৬ মিলিয়ন ডলার বা ৭০০.৯৩ কোটি রুপি), যিনি ‘বিগ বস ১৮’ সঞ্চালনা এবং ‘বিয়িং হিউম্যান’-এর সামাজিক কার্যক্রমের মাধ্যমে নিজের অবস্থান বজায় রেখেছেন। ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা ১৪তম অবস্থান দখল করার পর ১৫তম স্থানে নাম লিখিয়েছেন কারিনা কাপুর খান (৬১.৮০ মিলিয়ন ডলার বা ৫৮৭.৭২ কোটি রুপি)।

তালিকার পরবর্তী স্থানগুলোতে লড়াই জমে উঠেছে তরুণ ও অভিজ্ঞ তারকাদের মধ্যে। বক্স অফিসে শেষ মুহূর্তের ধাক্কা সত্ত্বেও ৫৯.৮০ মিলিয়ন ডলার (৫৭৮.৭৫ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে ১৬তম স্থানে রয়েছেন কার্তিক আরিয়ান। ১৭তম স্থানে থাকা কিয়ারা আদভানির ব্র্যান্ড মূল্য ৫১.৯০ মিলিয়ন ডলার (৪৯৪.১৩ কোটি রুপি)। ‘তেরে ইশক মে’ চলচ্চিত্রের দুর্দান্ত সাফল্যের ওপর ভর করে ৫০.২ মিলিয়ন ডলার (৪৭৯.৪৫ কোটি রুপি) মূল্যমান নিয়ে ১৮তম অবস্থান নিশ্চিত করেছেন কৃতি শ্যানন। অন্যদিকে মিশ্র বাণিজ্যিক ফলাফলের মধ্য দিয়ে ৪৮.৫০ মিলিয়ন ডলার (৪৬১.১৩ কোটি রুপি) অর্জন করে ১৯তম স্থানে নাম লিখিয়েছেন অনন্যা পাণ্ডে। তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ অবস্থান করছেন ২০ নম্বরে।

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে নিজের প্রযোজনা সংস্থা ‘ত্রালালা মুভিং পিকচার্স’ ও অন্যান্য ব্যবসায় মন দেওয়া সামান্থা রুথ প্রভু ৪৩.১০ মিলিয়ন ডলার (৪১৫.৪৯ কোটি রুপি) ব্র্যান্ড মূল্য নিয়ে রয়েছেন ২১তম স্থানে। এরপর ২২তম স্থানে রয়েছেন তামান্না ভাটিয়া (৩৬.৫০ মিলিয়ন ডলার বা ৩৪৭.০৩ কোটি রুপি)। অস্কারের দৌড়ে থাকা সিনেমা ‘হোমবাউন্ড’-এ প্রশংসিত অভিনয়ের সৌজন্যে ৩৪.২০ মিলিয়ন ডলার (৩২৫.৪৫ কোটি রুপি) নিয়ে ২৩তম স্থান পান জাহ্নবী কাপুর। কোনো চলচ্চিত্র মুক্তি ছাড়াই ৩১ মিলিয়ন ডলার (২৯৪.৯২ কোটি রুপি) মূল্যমান বজায় রেখে ২৪তম স্থানে আছেন শ্রদ্ধা কাপুর। আর ২০০ কোটি ডলারের বিশাল সামর্থ্যসূচক এই তালিকার ২৫তম স্থানটি দখল করেছেন আনুশকা শর্মা, যার ব্র্যান্ড মূল্য দাঁড়িয়েছে ২৯.৯০ মিলিয়ন ডলারে (২৮৪.২৯ কোটি রুপি)। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us