ঢাকা
০৭ আগস্ট ২০২৬
Advertise with us

শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ২৬ বার পঠিত
শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তবে স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে। তাই ভবিষ্যতে যেন আর কেউ রাষ্ট্রকে শেকল পরাতে না পারে, সে লক্ষ্যে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বয়স ৫৫ বছরের বেশি, কিন্তু এখনও শেকল ভাঙতে হচ্ছে। দেশকে বারবার শেকল পরানো হয়েছে। এর ফলে জাতি কাঙ্ক্ষিত অর্জনে পৌঁছাতে পারেনি। আমরা এমন একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের ওপর শেকল পরাতে না পারে।

তিনি আরও বলেন, শেকল ভাঙার পর রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফাতেই তুলে ধরা হয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নেই সরকার এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে, সেটিরই প্রতিধ্বনি করছেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘শিকল ভাঙার জুলাই’ প্রকাশনায় ২৩ জন লেখক লিখেছেন। বইটির লেখা ও আলোকচিত্রগুলো আবেগের সঙ্গে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার উদ্দেশ্যে সংকলিত হয়েছে। জুলাইকে কেন্দ্র করে ভবিষ্যতেও আরও প্রকাশনা, তথ্যচিত্র প্রকাশ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us