ছবি: সংগৃহীত
কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক কারবারিরা বিজিবির ধাওয়া খেয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বুধবার (২২ জুলাই) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল বুধবার রাত ২টার দিকে উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালায়।
এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পরে তাদের ধাওয়া করলে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়লে কারবারিরা তাদের বহন করা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী প্যাকেটে ১৪ কাটায় মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া কারবারিদের গ্রেফতারে ওই এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের পাওয়া যায়নি।
উখিয়া বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।