ছবি: ফাইল ছবি
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন ও গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।
নিয়াজ মেহেদী বলেন, অভিযানে গ্রেফতারদের হেফাজত থেকে ২ হাজার ৫৬৬ পিস ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া এনআইডি কার্ড, একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।