ঢাকা
১৮ নভেম্বর ২০২৬
Advertise with us

মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
মোটরযান চালকদের আল্টিমেটাম দিল ডিএমপি

ছবি: সংগৃহীত

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

অভিযানের আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। এছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ডিএমপি জানায়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us