ছবি: সংগৃহীত
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও অন্যান্য ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৩০ জন।
আজ সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ি, বাসন ও কালিয়াকৈর থানায় মামলাগুলো করা হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালেও মজুরি বৃদ্ধির দাবিতে জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা। কালিয়াকৈর উপজেলার সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা এবং গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি ও সালনা এলাকায় এ বিক্ষোভ হয়।
এ সময় বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকরা কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।
পুলিশ ও বিজিবির পদক্ষেপের পর কোথাও বিক্ষোভ শুরুর আধা ঘণ্টা এবং কোথাও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসব মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে হামলা ও ভাঙচুরে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।