ছবি: সংগৃহীত
ধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মীয় লেবাস প্রদর্শন করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার প্রতিযোগিতা চলছে। ধ্যান ও ধর্মচর্চার নামে অভিনয় করা হচ্ছে। আবার ওয়াজের নামে বিকৃত কথাবার্তা বলারও চেষ্টা চলছে। অথচ ধর্মের পবিত্রতা ও মূল শিক্ষাকে শুরু থেকেই অস্বীকার করা হচ্ছে।
সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে ‘সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ধর্মের মূল বাণীই হতে পারে সম্প্রীতি প্রতিষ্ঠার হাতিয়ার। অন্য কোনও ভাষা ব্যবহারের পরিবর্তে ধর্মের ভাষায় সম্প্রীতির কথা বলা উচিত। ধর্মগ্রন্থগুলোতেই সম্প্রীতির ব্যাখ্যা রয়েছে। প্রতিটি ধর্মগ্রন্থে মানবজাতির কল্যাণের কথা বলা হয়েছে। সম্প্রীতিই ধর্মের অন্যতম প্রধান শিক্ষা।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মগ্রন্থের আয়াত, শ্লোক ও অনুচ্ছেদ উদ্ধৃত করে সম্প্রীতির কথা বললে সেটিকে ধর্মবিরোধী বলার সুযোগ থাকে না। এতে ধর্মনিরপেক্ষতার বিকৃত ব্যাখ্যা দেওয়ার সুযোগও কমে আসবে।
বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতারাও যখন ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছেন, তখন পরিস্থিতি কতটা জটিল হতে পারে, তা সহজেই অনুমেয় উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশের পরিস্থিতিও সারা বিশ্ব জানে। বাংলাদেশেও ধর্মীয় লেবাসধারীদের কেউ কেউ ওয়াজ মাহফিল কিংবা রাজনৈতিক মঞ্চে উঠে এমন বক্তব্য দিচ্ছেন, যা সমাজের জন্য ক্ষতিকর। তাদের প্রতি আমার অনুরোধ, ধর্ম নিয়ে কথা বলার সময় অবশ্যই পবিত্র ধর্মগ্রন্থের আয়াত, অনুচ্ছেদ ও শ্লোকের আলোকে কথা বলুন।
বরিশাল টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক গাজী জাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক ছানসহ বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।