ছবি: সংগৃহীত
সব ধর্মের মানুষের সমান অধিকার, সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ একই ভূখণ্ডে বসবাস করেন। কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারের মালিবাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের সম্মান ও মর্যাদা নিশ্চিত না হলে কোনো কিছুরই মূল্য থাকে না। স্বাভাবিক জীবনযাপনের অধিকার প্রতিষ্ঠায় এ দেশের মানুষকে লড়াই-সংগ্রাম ও আন্দোলন করতে হয়েছে।
তিনি বলেন, এ ভূখণ্ডে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মারমা, মগ ও সাঁওতালসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। তাঁদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর রাজনৈতিক দর্শনের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের ভিত্তি গড়ে তুলেছিলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তাঁদের ধর্মীয় উৎসবের প্রতি সবার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। পারস্পরিক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে সবাই একসঙ্গে বসবাস করছেন। যেকোনো বিপদ-আপদে তাঁরা বিএনপি সরকারকে পাশে পাবেন।
তিনি বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় এবং মানবকল্যাণের বার্তা শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্য। এ উৎসবের আনন্দের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের চর্চা আরও জোরদার হয়।
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্র সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার স্বীকৃতি দেয় এবং এ ক্ষেত্রে উৎসাহিত করে। ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে এ দেশের মানুষ আবহমানকাল থেকেই নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব স্বাধীনভাবে পালন করে আসছে।
বিএনপি অতীতেও হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে উল্লেখ করে তিনি দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সব নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।