ছবি: সংগৃহীত
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, পরিচ্ছন্নতা বলতে শুধু রাস্তাঘাটের ময়লা-আবর্জনা পরিষ্কার করাকে বোঝায় না। যেখানে যা নিয়মবহির্ভূত রয়েছে, সেগুলোও পরিচ্ছন্নতার আওতায় আনা হবে।
শনিবার (১৭ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, এক দিনে সবকিছু পরিচ্ছন্ন করা সম্ভব নয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে অনিয়ম ও অপরিচ্ছন্নতা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দূর করা হবে। এ কার্যক্রম শুধু ড্রেন পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে এমন সব জায়গায় কাজ করা হবে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়ম অনুযায়ী তার এই হাসপাতালে আসার কথা নয়, কারণ তিনি কৃষি খাতের দায়িত্বে রয়েছেন। তবে তার বাড়ি কুমিল্লায়। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে দেশের প্রতিটি বড় হাসপাতালে কমিটি গঠন করা হয়েছে। প্রটোকল অনুযায়ী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কমিটিতে তাকে সভাপতি করা হয়েছে।
তিনি আরও বলেন, হাসপাতালে অনিয়ম পুরোপুরি দূর হয়েছে, এমনটা বলা ঠিক হবে না। তবে হাসপাতাল ও কলেজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের ও জনগণের প্রয়োজনে এই প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সত্যিকার অর্থে বিশ্বমানের হাসপাতালে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
এর আগে কৃষিমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার তোড়জোড় শুরু হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা ও আঙিনা ধোয়া-মোছা করেন। পাশাপাশি ড্রেন পরিষ্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরে মন্ত্রী নিজেও ড্রেন পরিষ্কারের কাজে অংশ নেন।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান এবং হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।