ছবি: সংগৃহীত
ভায়োলেন্স’ সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী অধরা খান। সিনেমাটিতে যুক্ত হওয়ার খবর প্রকাশের প্রায় এক মাসের মধ্যে সরে দাঁড়ানোর কারণ হিসেবে পরিচালক কামাল হোসেন বাবরের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবকে দায়ী করেছেন তিনি।
রবিবার সকালে নিজের ফেসবুক পোস্টে অধরা খান জানান, পরিচালকের আচরণ ও যোগাযোগের ঘাটতির কারণে তিনি অনেক আগেই সিনেমাটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তার ভাষ্য, ‘ভায়োলেন্স’-এর জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ তিনি গ্রহণ করতে পারেননি। চুক্তিগত গোপনীয়তার কারণে সেসব কাজের বিস্তারিত প্রকাশ করাও তার পক্ষে সম্ভব নয়।
অধরা আরও জানান, সিনেমাটির কারণে অন্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিক রাখা সম্ভব হয়নি। এর জেরে নিজের কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেয়েছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ‘ভায়োলেন্স’-এর শুটিং শুরুর মাত্র এক দিন আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। বিষয়টি তার কাছে অত্যন্ত হতাশাজনক। এই অভিজ্ঞতাকে ক্যারিয়ারের জন্য বড় শিক্ষা হিসেবে দেখছেন অধরা। যথাযথ পেশাদারত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো বিবেচনা না করেই সিনেমাটিতে যুক্ত হওয়াকে নিজের ক্যারিয়ারের বড় ভুল বলেও মনে করছেন তিনি।
তবে নিজের বক্তব্যের মাধ্যমে কাউকে ছোট করা কিংবা সিনেমাটির ক্ষতি করা তার উদ্দেশ্য নয় বলে পরিষ্কার করেছেন অধরা। যদিও অভিনেত্রীর অভিযোগের বিষয়ে পরিচালকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।