ছবি: সংগৃহীত
প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটি এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ আগামী ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে ওসমানী উদ্যানের আধুনিকায়ন এবং জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মির শাহে আলম। সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন ওসমানী উদ্যান ব্যবহারের সুযোগ পাবেন।
উদ্যানটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে মানুষ সেখানে হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজন নিয়ে সময় কাটাতে পারেন। জুলাই শহীদ ও জুলাইয়ের বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’।
এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করার সুযোগ পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।
আধুনিকায়ন করা উদ্যানে থাকছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব আয়োজনের মধ্য দিয়ে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দিনরাত কাজ করে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রস্তুতি সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ আবদুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।