ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তবে বাংলাদেশে জনগণ যদি বিএনপি সরকারের পাশে থাকে তাহলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।
রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর গভীর ভালোবাসা ছিল। ১৯৮৬ সালে এরশাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য জামায়াত ও আওয়ামী লীগ দেশ ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। সেই চক্রান্ত তখন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ মোকাবেলা করেছিল। অর্থাৎ অতীতেও তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এবং বর্তমানেও করছে।
তিনি আরও বলেন, যে সময় থেকে বিরোধী দল আন্দোলন শুরু করেছেন, অর্থাৎ মাত্র ৬ মাস বয়সী এক সরকারের বিরুদ্ধে চূড়ান্ত রাজনৈতিক কর্মসূচি করেন। এখন তারা তা পালন করে যাচ্ছেন। তাদের বিভিন্ন দাবি দাওয়া রয়েছে। জ্বালানী সংকটকে পুঁজি করে এই লংমার্চ তারা করছেন। তবে জামায়াতের আমীর আগেই বলেছিলেন যে, জ্বালানী সংকট একটি জাতীয় সংকট। সেখানে তাদের এই লংমার্চের কোনো গুরুত্ব নাই। দেশের জনগণ তাদের এই লংমার্চ গ্রহণ করে নাই।
এর আগে, দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাশফিকুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।