ছবি: সংগৃহীত
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা এবং সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করে হুথিদের সতর্কবার্তার মধ্যেও নির্ধারিত সূচি অনুযায়ী বড় দুটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের আয়োজকরা।
সম্মেলন দুটি হলো ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেস ও ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হবে।
রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের। এতে বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা ও নীতিনির্ধারকদের অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন সৌদি সরকারের কর্মকর্তারা এবং এক্সনমোবিল, শেল ও উডসাইড এনার্জির মতো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
সম্মেলনে অংশগ্রহণকারীদের পাঠানো এক ই-মেইলে আয়োজকরা জানিয়েছেন, অতিথিদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি রিয়াদে পৌঁছানোর বিকল্প পথের কথাও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের পূর্ব উপকূলীয় শহর দাম্মাম থেকে প্রায় চার ঘণ্টার সড়কপথে রিয়াদে যাওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
বিশ্বের বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন জেপি মরগানের প্রধান নির্বাহী জেমি ডিমন এবং সিটির প্রধান নির্বাহী জেন ফ্রেজার।
এদিকে, ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের আকাশসীমা এড়িয়ে চলতে বিমান সংস্থাগুলোর প্রতি সতর্কবার্তা দিয়েছে। গোষ্ঠীটি সৌদি আকাশসীমাকে সামরিক অভিযানের এলাকা ঘোষণা করেছে। চলতি মাসের শুরুতে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সরকারি বাহিনী অভিযান শুরু করার পর এই হুমকি দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা