ছবি: ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। সাক্ষী অসুস্থ থাকায় প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর সদস্য মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এজন্য আমরা অক্টোবরের শেষের দিকে সময় চাই। পরে আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করেন আদালত।
এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার সালমান ও আনিসুলকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের শুনানির সময় দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
চলতি বছরের ১২ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। গত ২২ ফেব্রুয়ারি শুরু হয় সাক্ষ্যগ্রহণ। তাদের বিরুদ্ধে হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। গত বছরের ৪ ডিসেম্বর এসব অভিযোগ আমলে নেন একই আদালত।