ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অন্যায়ের বিরুদ্ধে আমার লড়াইটা আজকের নয়। অনেকটা পথ আমি প্রায় একাই হেঁটেছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই পথ আমাকে অনেক কিছু দিয়েছে- হামলা, অপমান, লাঞ্ছনা, বঞ্চনা, কুরুচিপূর্ণ গালাগালি, মিথ্যা অপবাদ। প্রতিবাদ করতে গিয়ে কত জায়গায় হামলার শিকার হয়েছি, তার হিসাবও নেই। আর প্রতিবারই শুনেছি, “প্রমাণ কোথায়?
ক্রমাগত বাধার শিকার হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়ার সামনে কথা বলেছি, আক্রমণের শিকার হয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মিছিল হয়েছে, নানা ধরনের অপপ্রচার হয়েছে। এমন অনেক কথা শুনেছি, যা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট।’
নিজের লড়াইয়ের কথা বলতে গিয়ে তিনি জানান, ‘কিন্তু আমি ভাঙিনি। কারণ আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমার লড়াই ভয়কে জয় করার জন্য। আমার লড়াই এমন একটি বাংলাদেশের জন্য, যেখানে ক্ষমতার চেয়ে জনগণের অধিকার বড়।’
এসময় তিনি আরও বলেন, অনেক সময় যখন চারপাশের মানুষ প্রশ্ন করেছে, যখন সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা হয়েছে, তখন আমি শুধু আল্লাহর কাছে দোয়া করেছি, “হে আল্লাহ, তুমি সত্যকে প্রকাশ করে দাও। মিথ্যাকে দূর করে দাও। যারা জুলুম করে তাদের জুলুমের অবসান ঘটাও। আর আমাকে সত্যের পথে অটল থাকার শক্তি দাও।”
এনসিপির এ নেতা বলেন, ‘আজও আমি বিশ্বাস করি, সময় সবকিছুর সাক্ষী রাখে। মানুষ সবকিছু ভুলে গেলেও ইতিহাস ভুলে যায় না। সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন নয়। অন্যায় হয়তো কিছুদিন ক্ষমতার ছায়ায় দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু চিরস্থায়ী নয়।’
নাসিরুদ্দিন বলেন, ‘আমার কোনো প্রতিশোধ চাই না। আমি চাই ন্যায়বিচার। কাউকে ছোট করতে চাই না। আমি চাই মানুষের মর্যাদা ফিরুক। আর আমার সবচেয়ে বড় শক্তি কোনো পদ, ক্ষমতা বা শান-শওকত নয়। আমার শক্তি হলো মানুষের আস্থা, সত্যের প্রতি বিশ্বাস এবং আল্লাহর ওপর ভরসা।
সবশেষে তিনি বলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যারা অপমান সহ্য করেও মাথা নত করেননি, এই লড়াই তাদের সবার। সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের কাছেই ফিরে আসতে হয়। আল্লাহ সত্যকে প্রতিষ্ঠিত করুন, মিথ্যাকে পরাজিত করুন এবং জুলুমের অবসান ঘটান। আমিন।