ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ দেশজুড়ে ৩ মাসের ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
Advertise with us

একে একে আটক ইমরান খানের তিন বোন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
একে একে আটক ইমরান খানের তিন বোন, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকেই আটক করেছে পাঞ্জাব পুলিশ। আগামী ২৭ সেপ্টেম্বর দলটির দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচির আগে একে একে তাদের আটকের ঘটনা ঘটল।

সোমবার ইমরানের দুই বোন ডা. উজমা খান ও নুরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়। এর এক দিন আগে রবিবার আটক করা হয় তাদের আরেক বোন আলিমা খানকে।

লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয় থেকে দেওয়া পৃথক আদেশে উজমা ও নুরিনকে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের আওতায় আটক করা হয়। আদেশে বলা হয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসমাবেশের মাধ্যমে পিটিআই কর্মীদের সংগঠিত করছিলেন এবং জনশৃঙ্খলার জন্য সম্ভাব্য হুমকি তৈরি করছিলেন।

আদেশে ৯ মে সংঘটিত বিক্ষোভে তাদের কথিত সম্পৃক্ততার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কর্মীদের উসকানি দেওয়া এবং সরকারি ও জনসাধারণের সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

পাঞ্জাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী, উজমা ও নুরিনকে লাহোরের কোট লাখপত কারাগারে রাখার কথা বলা হয়েছে।

এর আগে রবিবার একই আইনের আওতায় আলিমা খানকেও ৩০ দিনের জন্য আটক করা হয়। পরে তাকে কোট লাখপত কারাগারে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ইমরান খানের দল পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে। দলটির দাবি, এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ইমরান খানের মুক্তি এবং সংবিধানের সর্বোচ্চ মর্যাদা প্রতিষ্ঠা।

তিন বোনকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পিটিআই। দলটি ঘটনাটিকে ক্ষমতার অপব্যবহার এবং মৌলিক অধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

পিটিআইয়ের তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ করেছেন, উজমা ও নুরিনকে তাদের সন্তানদের সঙ্গে আটক করা হয়েছিল। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয় বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের একটি সাঁজোয়া গাড়িতে করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছে পিটিআই। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইমরান খানের ছেলে কাসিম খানও তার দুই খালাকে আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, তাদের বাড়িতে জোর করে প্রবেশ করে পরিবারের সদস্যদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আটকের কারণ জানানো হয়নি।

পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের কর্মসূচি নিয়ে এরই মধ্যে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, সরকার এই কর্মসূচির মাধ্যমে সড়ক অবরোধ ও জনজীবনে বিঘ্ন ঘটতে দেবে না।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। গত বছর দুর্নীতির মামলায় তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। অনাস্থা ভোটে তার সরকারের পতনের পর দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: ডন, ফ্রান্স ২৪, এএফপি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us