ছবি: সংগৃহীত
ফিফা উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপের দ্বিতীয় আসরের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে মায়ামির নু স্টেডিয়ামে। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি গত এপ্রিলে উদ্বোধন করা হয়। এটি লিওনেল মেসির ইন্টার মায়ামির হোম ভেন্যু।
বিশ্বের সেরা নারী ক্লাব বাছাইয়ের টুর্নামেন্ট এই উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ। ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন ক্লাবগুলো নিয়ে এই আয়োজনটি শুরু হয় গত বছর।
ইউরোপের সেরা বার্সেলোনা ও উত্তর আমেরিকা থেকে জায়গা করে নেওয়া মেক্সিকোর ক্লাব আমেরিকা ফেমেনিল আগামী আসরে সরাসরি খেলবে সেমি-ফাইনালে। এশিয়া থেকে অংশ নেবে উত্তর কোরিয়ার ক্লাব নেগোহিয়াং উইমেন’স এফসি ও ওশেনিয়া থেকে নিউ জিল্যান্ডের ক্লাব অকল্যান্ড ইউনাইটেড। আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রতিনিধি ক্লাব এখনও চূড়ান্ত হয়নি।
আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই আসর। সেমি-ফাইনাল হবে ২৭ জানুয়ারি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল ৩১ জানুয়ারি।
গত অক্টোবরে শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হওয়া প্রথম আসরে শিরোপা জিতেছিল আর্সেনাল। ফিফা উইমেন’স ক্লাব বিশ্বকাপের বছর ছাড়া প্রতি বছরই এই চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করা হবে।
ইন্টার মায়ামির ঘরের মাঠ ছিল আগে ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়াম। সেখান থেকে ক্লাবটি চলে এসেছে মায়ামি ফ্রিডম পার্কে নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি করা এই নু স্টেডিয়ামে। এখানে একটি গ্যালারি আছে মেসির নামে।