ছবি: সংগৃহীত
বলিউড তারকা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের গল্প নতুন করে আলোচনায় এসেছে। একসময় নিজেদের সম্পর্ক আড়ালে রাখতে সংবাদকর্মীদের নজর এড়িয়ে চলতেন এই জনপ্রিয় জুটি। সম্প্রতি ভারতীয় এক সাবেক সাংবাদিক দাবি করেছেন, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করার দৃশ্য ধারণ করায় সময় তাদের ওপর চটে গিয়ে ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম কেড়ে নিয়েছিলেন রণবীর।
ওই সাংবাদিক জানান, রণবীর ও ক্যাটরিনার প্রেমের সম্পর্কের শুরুর দিকের ঘটনা এটি। সংবাদকর্মীরা খবর পেয়ে আগে থেকেই সেখানে লুকিয়ে ছিলেন। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই ক্যামেরা চালু করা হলে রণবীর চতুরতার সঙ্গে কেটে পড়েন।
সেই সাংবাদিক বলেন, যখন রণবীর কাপুর আর ক্যাটরিনা কাইফের প্রেমের খবর কেউ জানত না, তখন একদিন খবর পাই রণবীর ক্যাটরিনার বাড়িতে এসেছেন। রাত একটা বেজে ৩০ মিনিটে রণবীর বের হবেন। তাই আমরা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ক্যাটরিনার বাড়ির নিচে গিয়ে লুকিয়ে ছিলাম। রণবীর যখন বেরিয়ে এলেন, তখন বুঝতে পেরেছিলেন আমরা সেখানে রয়েছি। ক্যাপ দিয়ে মুখ আড়াল করে গাড়িতে উঠে চলে যান।
তবে ঘটনার মূল চমক ঘটে কয়েক মিনিট পর। ওই সাংবাদিক জানান, স্থানটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আবারও সেখানে ফিরে আসেন রণবীর। তিনি সরাসরি সাংবাদিকদের গাড়ির দরজা খুলে ক্যামেরা ব্যাগ ও সাউন্ড সরঞ্জাম কেড়ে নেন। পরবর্তীতে সংবাদকর্মীদের পিছু না হটার একগুঁয়েমি দেখে একপর্যায়ে সরঞ্জামগুলো ফেরত দিতে বাধ্য হন এই অভিনেতা।
ক্যাটরিনার সেই ফাঁকা বাড়িতে তাদের দেখা করার খবর কীভাবে তিনি পেয়েছিলেন, সেই ঘটনাও স্মরণ করেন সেই সাংবাদিক। তিনি বলেন, ওরা কারও শেষকৃত্যে গিয়েছিলেন। সেই সময় আমি খবর পাই দুজন ক্যাটরিনার বাড়িতে দেখা করতে যাচ্ছেন। ওরা সেখানে পৌঁছানোর আগেই আমরা পৌঁছে গিয়ে লুকিয়ে ছিলাম। ক্যাটরিনা গাড়ি থেকে নামতেই আমরা ক্যামেরা চালু করে দিই। রণবীর গাড়ির কাচ নামিয়ে দেখলেন যে আমরা সেখানে রয়েছি। এরপর এমনভাবে অভিনয় করলেন যেন ক্যাটরিনাকে বাড়িতে নামিয়ে দিতেই এসেছেন।
উল্লেখ্য, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিং সেট থেকে প্রেমের সম্পর্কে জড়ান রণবীর ও ক্যাটরিনা। প্রায় সাত বছর প্রেমের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভাটের সঙ্গে এবং ক্যাটরিনা ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে।