ছবি: সংগৃহীত
ফেনীতে চাঞ্চল্যকর চার তরুণ অপহরণের ঘটনার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-১৫। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল।
শনিবার র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত জাহাঙ্গীর কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।
র্যাব-১৫ জানায়, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অপহরণ মামলার আসামি অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থান নেয়। সেখানকার ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। আটকের পর তার দেহ তল্লাশি করে একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি গত জুন ফেনীর চার তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।