ছবি: ফাইল ছবি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোলায়েম হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের ময়ানখালী গ্রামের স্কুলের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মোলায়েম হোসেন ওই ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ময়ানখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোলায়েম হোসেন। এ সময় স্কুলের পাশে পৌঁছালে মোলায়েম হোসেনের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন। তিনি বলেন, নিহত মোলায়েম হোসেন ইতঃপূর্বে নিষিদ্ধঘোষিত চরমপন্থি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এ ঘটনা ঘটতে পারে।
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং হামলার প্রকৃত কারণ কী, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।