ছবি: সংগৃহীত
আগামী বছরের জুনে ব্রাজিলে নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ৩২ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দেশটির ঐতিহাসিক রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) ফিফার প্রকাশিত ম্যাচের সময়সূচি থেকে এ তথ্য জানা গেছে।
দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিতব্য প্রথম নারী বিশ্বকাপ ২৪ জুন স্বাগতিক দলের ম্যাচ দিয়ে শুরু হবে। ফুটবল বিশ্বের অন্যতম বিখ্যাত ভেন্যু মারাকানাতেই হবে ২৫ জুলাইয়ের ফাইনাল। উল্লেখ্য, ১৯৫০ সালের পুরুষ বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে ব্রাজিলের সেই হৃদয়বিদারক পরাজয়ের সাক্ষীও ছিল এই স্টেডিয়ামটি।
ফিফা নিশ্চিত করেছে, আটটি স্বাগতিক শহরের প্রতিটিতেই অন্তত সাতটি ম্যাচ এবং ন্যূনতম একটি নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাসিলিয়া, পোর্তো আলেগ্রে, রেসিফে এবং সালভাদর শহরগুলো ‘শেষ ১৬’ বা প্রি-কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচ আয়োজন করবে। অন্যদিকে বেলো হরিজন্তে, ফর্তালেজা, রিও ডি জেনিরো এবং সাও পাওলোতে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। সেমিফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সাও পাওলো এবং রিওতে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, আটটি প্রাণবন্ত স্বাগতিক শহরে বিশ্বকে স্বাগত জানানোর সময় ব্রাজিলিয়ান সমর্থকরা যে অবিশ্বাস্য আবেগ, রঙ ও উদ্দীপনা নিয়ে আসবেন, তা ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে।স্টকহোমের রাসুনদা স্টেডিয়াম এবং প্যাসাডেনোর রোজ বোলের পর মারাকানা হবে তৃতীয় স্টেডিয়াম, যেখানে পুরুষ ও নারী উভয় বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ব্রাজিলের সাবেক অধিনায়ক আলিন পেলেগ্রিনো বলেন, প্রতিটি স্বাগতিক শহর তাদের নিজস্ব অনন্য বৈশিষ্ট্য যোগ করবে, যা এই আয়োজনকে বর্ণিল, আনন্দময় এবং অবিস্মরণীয় উৎসবে পরিণত করবে। তিনি আরও বলেন, বিশ্বের সেরা খেলোয়াড়রা গ্যালারি থেকে সেই উদ্দীপনা অনুভব করবেন এবং মাঠের পারফরম্যান্স ও বিশেষ মুহূর্তগুলোর মাধ্যমে তার প্রতিদান দেবেন। যা বিশ্বজুড়ে ছেলে ও মেয়েদের অনুপ্রাণিত করবে। টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি এ বছরের শেষের দিকে প্রকাশ করা হবে।