ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়ায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে ঘোনারপাড়া এলাকায় আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
গ্রেফতাররা হলেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে মো. ফয়সাল (৪৫) এবং ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. রুবেল (৩০)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই সাঈদ হাসানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ফয়সাল ও রুবেলের কাছ থেকে একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি জব্দ করে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার ফয়সালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে এবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে।