ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ফতেনুর আলম বাবুকে আহ্বায়ক ও মো. আসাদুজ্জামানকে সদস্য সচিব করে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
গত ৯ আগস্ট নিউইয়র্ক সিটির অদূরে ওয়েস্টচেস্টারের গ্রেন আইল্যান্ড পার্কে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খানসহ অন্যান্য উপদেষ্টাদের সম্মতিতে পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও সক্রিয় করার লক্ষ্যেই এই উদ্যোগ।
নতুন কমিটির সার্বিক সমন্বয়ে লং আইল্যান্ড সাউন্ডের তীরে গ্রেন আইল্যান্ড পার্কের নৈসর্গিক পরিবেশে এবারের বনভোজনে বিভিন্ন সিটি থেকে দুই শতাধিক রাবিয়ান মিলিত হন।
দুপুরের খাবারের সময় পুরো আয়োজনটি যেন একখণ্ড মতিহারের মিলনমেলায় পরিণত হয়। প্রবাসজীবনের ব্যস্ততায় দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা, কুশল বিনিময় ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। অনেকের চোখে মুখে ফুটে ওঠে বিশ্ববিদ্যালয়-জীবনের সেই সোনালি দিনের স্মৃতির আবেশ।
পড়ন্ত বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে নিউইয়র্কের ব্যান্ডশিল্পী রাশেদ হিরা ও ফাবিহা নিসা সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব শেষে ছেলেদের ফুটবল প্রতিযোগিতা এবং মেয়েদের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারীদের পাশাপাশি দর্শকরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন।
দিনব্যাপী নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক খান, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপক হুসনে আরা হাসি, সৈয়দ আব্দুর রহিম দুদু, আলী হাসান কিবরিয়া অনু, সাইদুর রহমান ডন, শাহীন খান, মাসুদুল ইসলাম লিপু, কাইছার আলী ও মনির আহমেদ, শফিকুর রহমান, আইভি রহমান এবং কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি আশরাফুল আলমসহ অনেকে।
শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও বহুল র্যাফেল ড্র। এ সময় শুভেচ্ছা বক্তব্যে প্রবাসের মাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।