আমেরিকায় স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান ছবি: সংগৃহীত
সিনেমার পাশাপাশি ক্রিকেটেও শাহরুখ খানের প্রভাব কম নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল কলকাতা নাইট রাইডার্সের সাফল্য অনেক। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার, লিগ, উইমেনস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, মেজর লিগ ক্রিকেটেও রয়েছে তার দল।
এর মধ্যে মেজর লিগ ক্রিকেট হলো যুক্তরাষ্ট্রের, সেখানে শাহরুখের দলের নাম ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স’। এই দলের জন্যই লস অ্যাঞ্জেলসে স্টেডিয়াম চালু করলেন অভিনেতা। যেটাকে বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে বড় মাইলফলক বিবেচনা করা হচ্ছে।
‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ স্টেডিয়ামটি রয়েছে ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে। এটি দলটির হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। গতকাল এক ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন শাহরুখ। তার কাছেও এটি এক স্বপ্নজয়ের মতো।
শাহরুখ বলেন, ‘এর শুরুটা হয়েছিল একটা স্বপ্নের মতো, আজ তা বাস্তবে রূপ নিলো। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। কেবল ক্রীড়াই নয়, এই মাঠ বিনোদন এবং পরিবারের জন্যও।’
জানা গেছে, স্টেডিয়ামটির পরিচালনায় রয়েছে শাহরুখ খানের প্রতিষ্ঠান। তবে জমি ও অবকাঠামোর মালিকানায় আছে ফেয়ারপ্লেক্স (লস অ্যাঞ্জেলস কাউন্টি ফেয়ার অ্যাসোসিয়েশন)। তাদের সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে রাইট রাইডার্স গ্রুপ। এই গ্রুপে শাহরুখের অংশীদার অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।

বহু বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে নাইট রাইডার্স গ্রুপ। এই স্টেডিয়ামের মাধ্যমে যেন আরো দাপুটে অস্তিত্বের জানান দিলো গ্রুপটি।
এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের তারকাবহুল এই ছবি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।