ছবি: সংগৃহীত
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ১৫০টি গাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর উত্তর জামায়াত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বারিধারায় মহানগরী জামায়াত কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বারিধারাস্থ মহানগরী জামায়াত কার্যালয়ের মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।
এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল বলেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে। এর পরিণতি কখনো সুখকর নয়।
প্রস্তুতি সভায় লংমার্চে ঢাকা মহানগরী উত্তর থেকে ১৫০ গাড়ি অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রস্তুতি সভায় নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-যশোর ও কুষ্টিয়ার লংমার্চ হবে ঐতিহাসিক। কর্মসূচি বাস্তবায়নে তারা নগরবাসীর সহযোগিতা কামনা করেন।